বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
চ্যানেল ৩৬ ডেক্স থেকে:

যুক্তরাজ্যে বসবাসরত বিশ্বনাথের ইলামের গাঁওবাসীদের সামাজিক সংগঠন ‘ইলামের গাঁও ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে’-এর বার্ষিক সাধারণ সভা (বিজিএম) অনুষ্ঠিত হয়েছে।
গত ১ সেপ্টেম্বর যুক্তরাজ্যের অ্যাক্সব্রিজে আয়োজিত এ সভা গ্রামের প্রবীণ মুরব্বি আব্দুল মছব্বির ও সংগঠনের সভাপতি আব্দুস সোবহান ফারুকের যৌথ সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভাটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সামছুল ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা শফিক মিয়া পীরসাব, শফিক মিয়া ও আব্দুল খালিক, ভাইস চেয়ারম্যান নূরুল হক ও আফরোজ আলী, এছাড়াও রাজু মিয়া, সুহেল মিয়া, মানিক মিয়া, আব্দুল কাইয়ুম, মোস্তাব আলী, আবু মুনছর, হেলাল আহমদ, বেলাল আহমদ, রুহেল মিয়াসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
জানা গেছে, ২০২৪ সালে প্রতিষ্ঠিত ‘ইলামের গাঁও ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে’ বর্তমানে ২৭ সদস্যবিশিষ্ট কমিটি নিয়ে কার্যক্রম পরিচালনা করছে। সংগঠনের কোষাধ্যক্ষ (ট্রেজারার) হিসেবে দায়িত্ব পালন করছেন মঈনুল ইসলাম।
সভায় সংগঠনের গত দুই বছরের আয়-ব্যয়ের হিসাব, বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সংশ্লিষ্টরা জানান, প্রতিষ্ঠার মাত্র দুই বছরের মধ্যেই সংগঠনটি ইলামের গাঁও এলাকায় আর্থ-সামাজিক উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে, যা এলাকাবাসীসহ সর্বমহলে প্রশংসিত হয়েছে।
সংগঠন সূত্রে জানা যায়, গত দুই বছরে ইলামের গাঁও এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে প্রায় ৪০ লাখ টাকা ব্যয় করা হয়েছে। মানবকল্যাণ ও অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি সংগঠনটির রয়েছে আরও বেশ কিছু পরিকল্পনা।
এর মধ্যে অন্যতম হলো গ্রামের প্রবেশদ্বারে দুটি আধুনিক গেট নির্মাণ। এছাড়া সংগঠনের অন্যতম দৃশ্যমান জনকল্যাণমূলক উদ্যোগ হচ্ছে নকিখালী থেকে ইলামের গাঁও পর্যন্ত সড়কে লাইটিং ব্যবস্থা চালু করা।
বার্ষিক সাধারণ সভায় গ্রামের দুই বিশিষ্ট ব্যক্তিকে বিশেষ সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়। গ্রামের প্রবীণ মুরব্বি আব্দুল মছব্বিরকে ‘প্রবীণ নাগরিক’ হিসেবে সম্মাননা প্রদান করা হয়। অপরদিকে আইন বিষয়ে ‘মাস্টার্স অব ল’ (LLM) ডিগ্রি অর্জনের জন্য আবু হাছান রাহেদকে পুরস্কৃত করা হয়।
সভায় উপস্থিত সকল সদস্যের আপ্যায়নের ব্যবস্থা করেন সংগঠনের ভাইস চেয়ারম্যান আফরোজ আলী।
উল্লেখ্য, ‘ইলামের গাঁও ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে’-এর প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন আব্দুস সোবহান ফারুক। প্রতিষ্ঠার পর থেকে তিনি নিষ্ঠা ও যোগ্যতার সঙ্গে সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।